ধরমপাশায় উপবৃত্তির টাকা পায়নি ২৩৬ শিক্ষার্থী
রূপালী ব্যাংক শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ কার্যক্রম শুরু হলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সেলবরষ ইউনিয়নের ২৩৬ জন শিক্ষার্থীর অভিভাবকেরা এখনো উপবৃত্তির টাকা পাননি।
সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থী উপবৃত্তির সুবিধার আওতায় রয়েছে। এর মধ্যে মাত্র চারজন শিক্ষার্থীর অভিভাবকের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে উপবৃত্তির টাকা পাঠানো হয়েছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এসব শিক্ষার্থীকে উপবৃত্তির ছয় মাসের ১ লাখ ১০ হাজার টাকা অভিভাবকদের শিওর ক্যাশে মুঠোফোনের মাধ্যমে পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র চারজন শিক্ষার্থীর নামে ১ হাজার ২০০ টাকা পাঠানো হয়েছে। অথচ পাশের অন্য বিদ্যালয়ের অভিভাবকেরা অনেক আগেই এই উপবৃত্তির টাকা পেয়ে গেছেন।
সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, ‘ঈদুল ফিতরের আগেই আমাদের বিদ্যালয়ের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অভিভাবকেরা উপবৃত্তির টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র চারজন শিক্ষার্থীর অভিভাবক ছাড়া আর কারও মোবাইলেই টাকা পৌঁছেনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও আমি এ নিয়ে রূপালী ব্যাংক সিওর ক্যাশের ঠিকানায় বেশ কবার ই-মেইল করেছি। কোনো সুফল পাইনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও লিখিতভাবে ঘটনাটি জানিয়েছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ‘আমি এ নিয়ে রূপালী ব্যাংক শিউর ক্যাশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কী কারণে এমনটি হয়েছে, তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।’
রূপালী ব্যাংক শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের সিলেট বিভাগের দায়িত্বে ঢাকা কার্যালয়ের ব্যবস্থাপক সৈয়দ মাহমুদুল খান গত মঙ্গলবার দুপুরে মুঠোফোনে বলেন, খোঁজ নিয়ে এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।