আড়াই লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার জন্য সুনামগঞ্জের হাওরবেষ্টিত ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্স-রে মেশিন থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে এটি দীর্ঘ ১৩ বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। এটি জনগণের কোনো কাজেই আসছে না। এই অবস্থায় এখানে চিকিৎসা নিতে আসা লোকজনকে বাইরে থেকে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে থানা ফাংশনাল ইমপ্রুভমেন্ট পাইলট প্রজেক্ট থেকে এ স্বাস্থ্য কমপ্লেক্স একটি এক্স-রে মেশিন বরাদ্দ পায়। কিন্তু বছর দুয়েক যেতে না-যেতেই এটির গুরুত্বপূর্ণ দুটি যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ এটি মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊধ্বর্তন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানালেও এটি মেরামতের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আমজাদ বলেন, এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সরকারি এক্স-রে মেশিনটি ১৩ বছর ধরে বিকল থাকার বিষয়টি দুঃখজনক। এ হাসপাতালে একটি নতুন এক্স-রে মেশিন বরাদ্দ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগের ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার বলেন, ‘এ সমস্যা সমাধানের জন্য আমি বেশ কয়েকবার ঊধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আমি প্রায় তিন বছর হলো এখানে আছি। এটি মেরামতের জন্য এখন পর্যন্ত কাউকে আসতে দেখিনি। এক্স-রে মেশিনটি বিকল থাকায় এখানকার দরিদ্র লোকজনকে দুর্ভোগে পড়তে হচ্ছে।’