ধরমপাশায় ওএমএসের কার্যক্রম বন্ধ, বিপাকে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির কার্যক্রম গত ৩০ জুন বন্ধ হয়ে গেছে। এতে অকালবন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে উপজেলার সব হাওরের বোরো ফসল পানিতে তলিয়ে যায়। ফসলডুবির ঘটনায় বাজারে চাল ও আটার দাম বেড়ে যায়। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ৮ এপ্রিল উপজেলা ওএমএস ডিলার নিয়োগ কমিটি সভা করে এ উপজেলায় তিনজন ডিলার নিয়োগ করেন। ৯ এপিল থেকে প্রত্যেকের কাছে পাঁচ কেজি চাল (প্রতি কেজি ১৫ টাকা) বিক্রি শুরু হয়। তবে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক লাইনে দাঁড়িয়েও কম দামের এই চাল কিনতে পারছিলেন না। ফলে স্থানীয় জনপ্রতিনিধিরা এ উপজেলার ১০টি ইউনিয়নের ডিলার নিয়োগ করে চাল বিক্রির দাবি জানিয়ে আসছিলেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে গত ৪ মে উপজেলা ওএমএস ডিলার নিয়োগ কমিটি সভা আহ্বান করেন। সভায় উপজেলায় নিয়োগ পাওয়া তিনজন ডিলারের মধ্যে দুজনকে বাদ দেওয়া হয় এবং প্রতিটি ইউনিয়নের একজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগ পাওয়া ডিলাররা ৫ মে থেকে চাল বিক্রি শুরু করেন। এ উপজেলায় ১১ জন ডিলারের মাধ্যমে সপ্তাহে শনিবার ছাড়া প্রতিদিন ২ হাজার ২০০ মানুষ কম দামে এই চাল কিনতে পারত।

 সদর ইউনিয়নের দেওলা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক সুরুজ আলী বলেন, ‘রাক্ষুইস্যা হানি আইয়া জমির বেক ধান তল কইর্যা হালছে। ডিলারের দোকান থাইক্যা পাঁচ কেজি চাউল ৭৫ টেহায় কিনতাম হারছি। এইডা বন্ধ অইয়া গেছেগা। অহন বেশি দামে চাউল কিইন্যা পুলাফান লইয়্যা কুনু রহমে দুই বেলা খাইয়া না খাইয়া চলতাম অইতাছে। এইডা চালু করলে আমরার খুউব উফকার অইব।’

ধরমপাশা সদর ইউনিয়নের ওএমএসের ডিলার তরিকুল ইসলাম বলেন, ‘বরাদ্দ না পাওয়ায় চাল বিক্রি বন্ধ রয়েছে। কিন্তু প্রতিদিনই সকালে শত শত মানুষ দোকানের সামনে এসে ভিড় জমায়। এখন তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে দোকানে তালা মেরে দিয়েছি।’

 মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার ও চামরদানী ইউপির চেয়ারম্যান জাকিরুল আজাদ বলেন, ‘এ উপজেলায় মাত্র ১১ জন ওএমএস ডিলার নিয়োগ করে এত দিন খোলাবাজারে কম দামে চাল বিক্রি কার্যক্রম চলে আসছিল। অথচ আমরা প্রতিটি ইউনিয়নে তিনজন করে ওএমএস ডিলার নিয়োগ করে খোলাবাজারে চাল বিক্রির দাবি জানিয়েছিলাম। এই কার্যক্রম বন্ধ হওয়ায় এখানকার মানুষের জীবনে চরম হতাশা দেখা দিয়েছে।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ বলেন, নতুন করে বরাদ্দ না পাওয়ায় এই কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত রয়েছে। বরাদ্দ পেলে এই কার্যক্রম আবার চালু হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার বলেন, ওএমএস ডিলারের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রি করার ব্যাপারে সরকারিভাবে কোনো নির্দেশনা এখনো আসেনি। নির্দেশনা পেলে পুনরায় এই কার্যক্রম চালু করা হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম গত সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, হাওরের বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ওএমএস ডিলারের মাধ্যমে কম দামে চাল বিক্রি চালু রাখা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি উচ্চপর্যায়ে বিষয়টি জানানো হয়েছে।