ধরমপাশায় কংশ নদীতে ট্রলারডুবি নিহত ২ আহত ৫
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের হুলাশখালী ও রাজাপুর গ্রামের মধ্যবর্তী কংশ নদীতে গতকাল বৃহস্পতিবার সকালে ট্রলারডুবিতে দুজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মো. ইউসুফ আলীর মেয়ে ইমা আক্তার (৭) ও মৃত মউজ আলীর স্ত্রী জাহেরা খাতুন (৬৫)। তাঁরা সম্পর্কে দুজন দাদি ও নাতি। আহত ব্যক্তিদের মধ্যে সাইদুল মিয়া (১৮) ও মইনুল মিয়াকে (২০) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা সাময়িক চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শী, আহত যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের প্রতাপপুর গ্রাম থেকে একটি ট্রলার পার্শ্ববর্তী মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের হুলাশখালী ও রাজাপুর গ্রামের মধ্যবর্তী চন্দ্র সোনার থাল হাওরের ফসল রক্ষা বাঁধের খাল দিয়ে ট্রলারটি কংশ নদে ঢুকলে স্রোতের টানে ট্রলারটি বাঁক খেয়ে সকাল অনুমান নয়টায় এটি উল্টে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও ট্রলারের ভেতর থেকে ইমা আক্তার ও জাহেরা খাতুনের মৃতদেহ স্থানীয় লোকজন উদ্ধার করে। এ ছাড়া এতে আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। তাঁদের মধ্যে সাইদুল মিয়া ও মইনুল মিয়াকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক মোল্লা খালিদ বলেন, ট্রলারডুবিতে নিহত দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলারটিকে থানা হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন প্রথম আলোকে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী তাৎক্ষণিকভাবে ট্রলারডুবিতে নিহত দুজনের স্বজনদের কাছে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।