ধরমপাশায় কবরস্থানের জায়গা দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ওই ইউনিয়নের বাবুপুর গ্রামের কবরস্থানের জায়গা দখল ও সেখানকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাবুপুর গ্রামের পশ্চিম দিকে বড়কান্দা এলাকায় সরকারি দেড় এক জায়গায় গ্রামবাসীর একটি বড় কবরস্থান রয়েছে। বাবুপুর, নূরপুর ও দিগজান গ্রামের মানুষ মারা গেলে এখানে দাফন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী ওরফে বাচ্চু মিয়া তাঁর দুই ভাইকে নিয়ে তিন-চার বছর আগে ওই কবরস্থানের প্রায় পাঁচ শতক জায়গা দখলে নিয়ে চাষাবাদ করে আসছেন। দুই মাস আগে তিনি কবরস্থানের চারদিকে ও মাঝখানে থাকা ছয়টি মেরাগাছ ও দুটি বটগাছ তিন-চারজন লোক দিয়ে কেটে নিয়ে যান। এ নিয়ে গ্রামের লোকজন কয়েকবার বৈঠক করেন। কিন্তু তিনি এতে উপস্থিত না হয়ে আজ-কাল করে সময় অতিবাহিত করছেন। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বাবুপুর গ্রামের বাসিন্দা মো. সেকুল মিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের নেতা বাচ্চু মিয়া ক্ষমতার দাপট দেখিয়ে কবরস্থানের জায়গা দখল করেছেন। শুধু তা-ই নয়, কবরস্থানে থাকা ছয়টি গাছও তিনি কেটে নিয়েছেন। এ নিয়ে প্রতিবাদ করায় আমি ও আমার লোকজনকে নানাভাবে বিপদে ফেলা হবে বলে ভয়ভীতি দেখানো হচ্ছে।’ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, বাচ্চু মিয়া সরকারি দলের নেতা হওয়ায় কবরস্থানের জয়গা দখল, গাছ কাটাসহ এলাকায় যা ইচ্ছা তা-ই করে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে দৃষ্টি দেওয়া প্রয়োজন।রফিকুল বারী চৌধুরী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি প্রভাব খাটাইনি। কবরস্থানের জায়গা দখল করার অভিযোগটি সঠিক নয়।’ তিনি দাবি করেন, কয়েক মাস আগে এই কবরস্থানটির উন্নয়নকাজের জন্য কিছু আগাছা কেটে ফেলা হয়েছে। এর লাগোয়া কিছু জমি তাঁদের রয়েছে। এতে চাষাবাদ করা হচ্ছে। কতিপয় লোক তাঁর বিরুদ্ধে অযথা বদনাম রটাচ্ছে ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’