ধরমপাশায় কালীমন্দিরে অগ্নিসংযোগ, মামলা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে গত রোববার দুর্বৃত্তরা কালীমন্দিরের ঘরে আগুন দিয়েছে। এ ঘটনায় গত সোমবার সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে মধ্যনগর থানায় মামলা হয়েছে।মামলার এজাহার অনুযায়ী, গত শনিবার মন্দিরের জন্য একটি ঘর নির্মাণ করা হয়। ওই গ্রামের সামনে ছয় একরের দুটি বড় ডোবা রয়েছে। কয়েক বছর ধরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি রাজস্ব দিয়ে মন্দির কমিটির লোকজন ওই দুটি ডোবা থেকে মৎস্য আহরণ করে আসছেন। এক মাস আগে বাখরপুর গ্রামের বাসিন্দা ও মধ্যনগর থানা আওয়ামী লীগের কর্মী কুতুব উদ্দিন এবং রুহুল আমিন ওরফে রব মিয়ার নেতৃত্বে ১০-১২ জন লোক ডোবা দুটি দখল করে। গত রোববার রাতে মন্দির কমিটির তিনজন সদস্য ওই ডোবায় বাইড় পেতে মাছ ধরতে যান। এ সময় দখলদার পক্ষের ১০-১৫ জন লোক তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে তারা গ্রামের সামনের ওই কালীমন্দিরের ঘরে আগুন ধরিয়ে দেয়।আওয়ামী লীগের কর্মী কুতুব উদ্দিন ও রুহুল আমিন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি কুচক্রী মহল আমাদের বিপদে ফেলার জন্য হয়তো এ ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’জেলা পুলিশ সুপার নূরে আলম প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কালীমন্দির পুড়িয়ে দেওয়ার ঘটায় জড়িত লোকজন যত প্রভাবশালীই হোক না কেন, তাদের গ্রেপ্তারের জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।