ধরমপাশায় কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত সোমবার রাতে এক কিশোরীকে (১২) শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর নানা বাদী হয়ে ওই রাতেই দুই যুবককে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।কিশোরীর পরিবারের দেওয়া থানায় লিখিত অভিযোগ থেকে ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত আটটার দিকে ওই কিশোরী বাড়ির খানিকটা সামনে দোকানে কেরোসিন আনতে যায়। দোকান থেকে কেরোসিন নিয়ে সে বাড়ির পেছনে এলে উপজেলার উত্তরবীর গ্রামের অজু মিয়া (২২) ও কাছামন মিয়া (২৫) নামের দুই যুবক কিশোরীর মুখ চেপে ধরে তাকে টানেহিঁচড়ে পার্শ্ববর্তী একটি খড়ের ঘরে নিয়ে যান এবং শ্লীলতাহানি করেন। এ সময় কিশোরী চিৎকার দিলে তার নানা ঘটনাস্থলে যান। এ অবস্থায় ওই দুই যুবক কিশোরীকে ছেড়ে দিয়ে নানাকে মারধর করে পালিয়ে যান। ধরমপাশা থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোবারক হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।