ধরমপাশায় খালের পানিতে ডুবে আছে নৌ-অ্যাম্বুলেন্স!
মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিতে সুনামগঞ্জের হাওরবেষ্টিত ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় মাস আগে একটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়। চালক না থাকায় এক দিনের জন্যও এটি চালু হয়নি।দুই মাস ধরে এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শয়তানখালী খালের পানিতে অর্ধডুবন্ত অবস্থায় রয়েছে। এ কারণে এটি জনসাধারণের কোনো কাজেই আসছে না।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে গত বছরের ১৬ আগস্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়। এখানে এটি নিয়ে আসার পর প্রথমে ধরমপাশা থানাসংলগ্ন কংশ নদে রাখা হয়। পরে কংশ নদের পানি শুকিয়ে যাওয়ায় চার-পাঁচ মাস আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পানিবিহীন শয়তানখালী খালে এনে রাখা হয়। দুই মাস ধরে এই খালে পানি আসায় বর্তমানে নৌ-অ্যাম্বুলেন্সটির অর্ধেক অংশ খালের পানিতে ডুবন্ত অবস্থায় রয়েছে।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার বলেন, এখানকার মুমূর্ষু রোগীদের অন্যত্র স্থানান্তর করতে গিয়ে পার্শ্ববর্তী মোহনগঞ্জ, বারহাট্টা ও নেত্রকোনা থেকে অ্যাম্বুলেন্স আনতে হয়। সময়মতো সেটি না পাওয়া গেলে অনেক সময় ঘটে যায় দুর্ঘটনা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার বলেন, নৌ-অ্যাম্বুলেন্সটির চালক না থাকায় এটি চালু করা হয়নি। ভৌগোলিক অবস্থার কারণে এই উপজেলাবাসী ময়মনসিংহ গিয়ে জরুরি চিকিৎসাসেবা নিয়ে থাকেন। তাই সড়কপথে চলাচলের জন্য এখানে একটি অ্যাম্বুলেন্সের অতীব প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে।