ধরমপাশায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সংখ্যালঘু পরিবারের এক গৃহবধূকে (২৮) ধর্ষণচেষ্টা ও ছুরিকাঘাতে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে গৃহবধূর স্বামী বাদী হয়ে আছু মিয়াকে (২৭) আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মধ্যনগর থানায় মামলা করেছেন।স্থানীয় এলাকাবাসী, গৃহবধূর স্বামীর থানায় লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে গৃহবধূ সন্তানকে নিয়ে বসতঘরের একটি কক্ষে ও অপর একটি কক্ষে তাঁর শাশুড়ি ঘুমিয়ে ছিলেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ওই দিন গভীর রাতে উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়ারকোনার গ্রামের আছু মিয়া গৃহবধূর বসতঘরের জানালা খুলে ভেতরে ঢুকে তাঁকে ধর্ষণের উদ্দেশ্যে জাপটে ধরে। এতে গৃহবধূ বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।একপর্যায়ে আছু মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গৃহবধূ তাঁকে আটকাতে চেষ্টা করেন। এ সময় তিনি সঙ্গে থাকা ছোরা দিয়ে গৃহবধূকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। গৃহবধূর চিৎকার শুনে পাশের কক্ষে থাকা তাঁর শাশুড়ি আছু মিয়াকে জাপটে ধরলে দুজন মিলে তাঁকে আটকাতে সক্ষম হন। পরে আশপাশের লোকজন ছুটে এসে আছু মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়।পুলিশ গতকাল সকালে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আহত গৃহবধূকে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আমিনুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাঁর স্বামী মামলা করেছেন।