ধরমপাশায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রাম থেকে গতকাল শুক্রবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই গৃহবধূর নাম আজমিনা আক্তার (২৮)। তিনি আমানীপুর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী।

এলাকাবাসী ও মধ্যনগর পুলিশ সূত্রে জানা গেছে, ১০-১২ বছর আগে উপজেলার আমানীপুর গ্রামের মতি মিয়ার ছেলে ইয়াছিন মিয়ার সঙ্গে দাতিয়াপাড়া গ্রামের ইব্রাহিম ভূইয়ার মেয়ে আজমিনা আক্তারের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান আছে। গত বৃহস্পতিবার রাতে আজমিনার সঙ্গে তাঁর স্বামী ইয়াছিনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় আজমিনার ঝুলন্ত লাশ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। এ সময় তাঁরা লাশ নিচে নামিয়ে ফেলেন। তাঁদের কাছ থেকে খবর পেয়ে বেলা দেড়টার দিকে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 মধ্যনগর থানার ওসি মাজহারুল হক বলেন, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই গৃহবধূর বাবা ও বড় ভাই এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেননি। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁর বাবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।