ধরমপাশায় চার লিটার চোলাই মদসহ দুজন গ্রেপ্তার
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের বাজার থেকে গত শুক্রবার রাতে রোমন মিয়া (২৫) ও আকাশ মিয়া (১৮) নামের দুই ব্যক্তিকে চার লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা নেত্রকোনা সদর উপজেলার কাটলী গ্রামের বাসিন্দা। ধরমপাশা থানার এসআই মো. আলী খানের বিবরণ অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের পূর্ব বাজারে ওই দুজন মাতলামি করছিলেন। স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের সঙ্গে মোটা প্লাস্টিকের ব্যাগে থাকা চার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে একটি মামলা হয়।গতকাল শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে নেত্রকোনার বিভিন্ন থানায়ও চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে এসআই জানান।