ধরমপাশায় চাহিদার তুলনায় সারের বরাদ্দ কম
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় চাহিদার তুলনায় সারের বরাদ্দ কম দেওয়া হয়েছে। এতে আসন্ন বোরো মৌসুমে উপজেলায় চাষাবাদ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা কৃষি কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, চলতি বছর ধরমপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ৩১ হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সারের চাহিদা ছয় হাজার ১০০ মেট্রিক টন। কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র দুই হাজার ৭৭৪ মেট্রিক টন। চলতি বছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত ৩৩০ মেট্রিক টন সার উত্তোলন করা হয়েছে। আরও এক হাজার ৩২৬ মেট্রিক টন সার অতিরিক্ত বরাদ্দ চেয়ে গত ৭ অক্টোবর উপজেলা কৃষি কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে এখনো সাড়া মেলেনি।উপজেলা কৃষি কর্মকর্তা এ ওয়াই এম আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বরাদ্দ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি বলেন, বরাদ্দ না বাড়ালে সার-সংকটের কারণে বোরো চাষাবাদ মারাত্মকভাবে বিঘ্নিত হবে।