ধরমপাশায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী (১৪) গত মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে উপজেলার জয়শ্রী ইউনিয়নের একজনসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে গতকাল বুধবার বিকেলে থানায় মামলা করেছে।মামলার অভিযোগ ও পুলিশের কাছ থেকে জানা গেছে, ওই ছাত্রী গত মঙ্গলবার রাত নয়টার দিকে পাশের বাড়ি থেকে ফেরার পথে ওত পেতে থাকা তিন যুবক তাকে বাড়ির অদূরে এক হাওরে নিয়ে যান। মেয়েটি চলে আসার চেষ্টা করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় ওই ছাত্রী একাধিকবার ধর্ষণের শিকার হয়। পরে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে তাঁরা পালিয়ে যান। ভোরে জ্ঞান ফিরে এলে বাড়িতে এসে তার পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গতকাল বুধবার থানায় এসে অভিযোগ করে ওই ছাত্রী।অভিযুক্ত ওই যুবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওই যুবকের বাবা ইউপি সদস্য আবদুর রহিম মুঠোফোনে বলেন, ‘আমার ছেলে এ ঘটনায় জড়িত থাকলে তার শাস্তি হোক।’ধরমপাশা থানার ওসি বায়েছ আলম বলেন, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে নারী নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।