ধরমপাশায় ছয় মাস ধরে এক শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হাওর এলাকার বালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে প্রায় ছয় মাস ধরে মাত্র একজন শিক্ষক দিয়ে শিক্ষা-কার্যক্রম চলছে। ওই বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বাড়লেও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, এই বিদ্যালয়ে গত বছর শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ছিল ১৫৯ এবং বর্তমানে ২৭৫। বিদ্যালয়ে তিনজন শিক্ষকের পদ থাকলেও রয়েছেন মাত্র দুজন। এর মধ্যে সহকারী শিক্ষক সুনিয়া আক্তার গত বছর ১ অক্টোবর মাতৃত্বকালীন ছুটিতে চলে যান। আর প্রধান শিক্ষক হাসিনা জান্নাত গত বছর ১৪ সেপ্টেম্বর চাকরি থেকে ইস্তফা দেওয়ায় এ পদটিও শূন্য হয়। এ অবস্থায় নিরুপায় হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে একাই যাবতীয় কার্যক্রম চালাতে হচ্ছে। সরেজমিনে গতকাল রোববার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছে। খেলাধুলার এক ফাঁকে কথা হয় বিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল মিয়া, তাসলীমা আক্তার, চায়না আক্তার, মেহেদী হাসান ও মারুফ আহমেদের সঙ্গে। ক্লাস ফেলে তোমরা খেলাধুলা করছো কেন? এমন প্রশ্নের জবাবে তারা বলে, ‘আমরা যতক্ষণ স্কুলে থাহি এর বেশির ভাগ সময়ই খেলাধুলা কইরা সময় কাডাই। স্কুলে কোনো দিন একটা ক্লাস অয় আর কোনো দিন অয় না। স্যার, একজন থাহায় আমরারেও তাইন কিছু কইন না। আমরা পড়তাম চাই।’ ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মো. নূরুল ইসলাম ও বালিজুড়ী গ্রামের বাসিন্দা আবদুল হেকিম বলেন, ‘একজন শিক্ষক দিয়ে বিদ্যালয়টি চলতে থাকায় কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে লেখাপড়ার বদলে খেলাধুলা বা হইহুল্লোড় করেই অধিকাংশ সময় পার করছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে দ্রুত এ বিদ্যালয়টিতে প্রয়োজনীয় শিক্ষক দেওয়া প্রয়োজন।’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আবদুল মালেক জানান, ‘ছয় মাস ধরে আমি একাই ছাত্রছাত্রীদের মধ্যে পুষ্টিমানসমৃদ্ধ বিস্কুট বিতরণসহ যাবতীয় কার্যক্রম চালিয়ে আসছি। তা ছাড়া আমি ওদের ক্লাস নেব না দাপ্তরিক কাজ করব? এ বিষয়টি আমি ও ম্যানেজিং কমিটির সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার লিখিত ও মৌখিকভাবে জানালেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বলেন, ‘শিক্ষকসংকটের কারণে এ বিদ্যালয়টির বর্তমান অবস্থা খুবই নাজুক ও হতাশাজনক। এ সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বুলবুল আহমেদ মণ্ডল বলেন, ‘ওই বিদ্যালয়ে বেশ কিছুদিন আগে একজন শিক্ষক প্রেষণে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি যোগদান করেননি। শিগগিরই এ বিদ্যালয়ে একজন শিক্ষক দেওয়ার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’