ধরমপাশায় জলমহাল দখল করলেন আ.লীগের কর্মী!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কালিজানা গ্রুপ জলমহাল থেকে গত এক সপ্তাহ ধরে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী দলীয় প্রভাব খাটিয়ে জেলেদের দিয়ে ওই জলমহাল থেকে মাছ ধরছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন জলমহালটি বাংলা ১৪১৫ থেকে ১৪১৭ সাল পর্যন্ত বাত্সরিক ১২ লাখ এক টাকায় ইজারা দিয়েছে। ২০০৮ সালের ৫ আগস্ট জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উত্তর বীর গ্রামের দোয়েল মত্স্যজীবী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে মো. মিঠু মিয়াকে জলমহালটি ইজারা দেওয়া হয়। এ ইজারার বিরুদ্ধে একতা মত্স্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান হাইকোর্টে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ মার্চ আদালত এক আদেশে ইজারা বাতিল করে। ইজারা বাতিলসংক্রান্ত চিঠি গত ১০ ফেব্রুয়ারি ইজারাদারের কাছে পাঠানো হয়েছে। ইজারা বাতিল হওয়ার খবর পেয়ে সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের কর্মী মো. ইয়ার খান ১০-১২ জন লোক দিয়ে এ জলমহাল থেকে অবৈধভাবে মাছ ধরা শুরু করেছেন।স্থানীয় জেলে নূরুল আমিন, মিয়া হোসেন, জোবেদ হোসেন ও ইস্কুল মিয়াসহ অনেকে অভিযোগ করেন, গত এক সপ্তাহ ধরে দলীয় প্রভাব খাটিয়ে ইয়ার খান ওই জলমহালে লোকজন দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে মাছ ধরার কাজে নিয়োজিত কয়েকজন জেলে জানান, তাঁরা আওয়ামী লীগের কর্মী ইয়ার খানকে দুই লাখ টাকা দিয়ে মাছ ধরার অনুমতি নিয়েছেন। তিনি বৈধ কি না, তা তাঁরা জানেন না। উপজেলা আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এভাবে দলীয় প্রভাব খাটিয়ে জলমহাল থেকে মাছ ধরা ঠিক হচ্ছে না।’ ইজারাদার মো. মিঠু মিয়া বলেন, ‘ইজারা বাতিলসংক্রান্ত একটি চিঠি পেয়েছি।’ আওয়ামী লীগের কর্মী মো. ইয়ার খান বলেন, ‘আমি এটি দখল করিনি বা কারও কাছ থেকে টাকাও নিইনি। কে বা কারা মাছ ধরছে, তা আমি জানি না।’ পাইকুরাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জহুর আহমদ বলেন, ‘কয়েকজন লোক এখানে মাছ ধরছিল, আমি তাদের নিষেধ করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা জানান, ওই জলমহাল থেকে যারা অবৈধভাবে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।