ধরমপাশায় জলমহাল শুকিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শাসকা জলমহালে শ্যালো মেশিন বসিয়ে মাছ শিকার করা হচ্ছে ছবি প্রথম আলো
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শাসকা জলমহালে শ্যালো মেশিন বসিয়ে মাছ শিকার করা হচ্ছে ছবি প্রথম আলো

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুই সপ্তাহ ধরে শ্যালো মেশিন দিয়ে জলমহাল সেচে অবাধে মাছ শিকার করা হচ্ছে।৤এতে বিভিন্ন প্রজাতির মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এভাবে মাছ ধরায় সেচকাজও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর এই সময়ে জলমহালের পানি কমে আসায় কিছু অসাধু লোক জলমহালের এক পাশে শ্যালো মেশিন বসিয়ে জলমহাল শুকিয়ে মাছ শিকার শুরু করেন। এ বছর ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ থেকে এভাবে মাছ শিকার শুরু হয়েছে এবং তা চলবে চৈত্র মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। জলমহালের ইজারার শর্ত অনুযায়ী, জলমহালের পানি শুকিয়ে মাছ শিকারের কোনো নিয়ম নেই। অথচ দুই সপ্তাহ ধরে এভাবেই মাছ শিকার করা হচ্ছে। এতে ফলি, পাবদা, রুই, কাতল, কালবাউশ, মেনি, গজার, শোল, চিতল, তারা বাইম, আইড়সহ বিভিন্ন মাছ ধীরে ধীরে কমে যাচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার ২০ একর আয়তনের ঊর্ধ্বে ৬৮টি ও ২০ একরের নিচে ৪৫টি জলমহাল রয়েছে।
সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জালধরা বিল, শিমুলতলার খাল, মেধা বিল, কালীজানা, ছাগলআইর্যাই, বন্নী, জয়ধনা, চাতল, গলাভাঙ্গা গুল বিল ও শাসকা, ছট্টনিয়া, তেলকা বিলসহ বেশির ভাগ জলমহালেই এখন শ্যালো মেশিন দিয়ে জলমহাল সেচে মাছ ধরা হচ্ছে।
উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শাসকা জলমহালের ইজারাদার ও পাথারিয়া কান্দা অনুপম মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জগদীশ বর্মন দাবি করেন, ‘আমি শ্যালো মেশিন বসিয়ে জলমহাল শুকিয়ে মাছ শিকার করিনি। স্থানীয় কৃষকেরা ওই জলমহাল থেকে বোরো জমিতে পানি সেচ দিচ্ছেন। আমি শুধু সেখানে লোকজন নিয়োজিত করে মাছ শিকার করেছি। এতে আমার কোনো দোষ নেই।’
উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মামুনুর রহমান পুরকায়স্থ বলেন, কতিপয় অসাধু ব্যক্তি বেশি লাভের আশায় এই সর্বনাশা কাজ করেছেন। প্রশাসনের নজরদারির অভাব ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণেই এমনটি হচ্ছে।
মধ্যসগর বিপি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিষয়ের শিক্ষক সমীরণ তালুকদার বলেন, জলমহাল শুকিয়ে মাছ শিকার করায় বিভিন্ন জলজ উদ্ভিদ দিন দিন কমে যাচ্ছে। বিলুপ্ত হচ্ছে দেশীয় নানান প্রজাতির অনেক মাছ। দ্রুত এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘এ-সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আমি পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর বলেন, জলমহালে শ্যালো মেশিন বসিয়ে মাছ শিকার করা বেআইনি। জলমহাল শুকিয়ে যাতে কেউ মাছ শিকার করতে না পারেন, সে জন্য প্রশাসনের চেষ্টা অব্যাহত রয়েছে।