ধরমপাশায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ওপর দিয়ে গত মঙ্গলবার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ১১টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরের নিচে চাপা পড়ে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।এলাকাবাসী সূত্র জানায়, রাত সাড়ে নয়টায় আকস্মিক ঝড়ে ইউনিয়নের দক্ষিণউড়া, মোহাম্মদপুর, আলীপুর, আদর্শগ্রাম, হামিদপুর, আলমপুর, নয়াপাড়া, রৌহা, ভাট্টা, তেলিগাঁও ও কাউহানী গ্রামের শতাধিক কাঁচা ও টিনের ঘরবাড়ি এবং প্রচুর গাছপালা বিধ্বস্ত হয়। এ সময় ঘরের নিচে চাপা পড়ে চামরদানী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মোহাম্মদ আলীপুর গ্রামের হেনা আক্তার (১২), নূর জামাল (৩৫), ভাট্টা গ্রামের রঞ্জিত বিশ্বাস (৪০), দক্ষিণউড়া গ্রামের ললিতা রানীসহ (৪৮) অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।