ধরমপাশায় টিআরের গম আত্মসাতের অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বিভিন্ন প্রকল্পের কাজ না করে টেস্ট রিলিফের (টিআর) গম আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের কাজ শেষ না করেই একাধিক প্রকল্প কমিটির চেয়ারম্যানরা বরাদ্দ দেওয়া গম তুলে বিক্রি করে দিয়েছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে উপজেলায় ১৩৫টি প্রকল্পের জন্য ৩১৯ দশমিক ৭৫২ টন গম বরাদ্দ দেওয়া হয়। গত ২৭ জুন ছিল বরাদ্দের গম তোলার শেষ সময়। ৩০ জুনের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করার কথা। এর মধ্যে ৩৫-৪০টি প্রকল্পের কাজ শেষ হয়েছে বলে কাগজে-কলমে দেখানো হলেও এখনো তা হয়নি।সেলবরষ ইউনিয়নের সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল পাঁচ টন গম। বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি নূরুল হুদা এ প্রকল্পের চেয়ারম্যান। অভিভাবক নজরুল চৌধুরী ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হামিদুল ইসলামসহ অনেকেই অভিযোগ করেন, কাজ না করে নূরুল হুদা গম তুলে আত্মসাৎ করেছেন। নূরুল হুদা বলেন, ‘দুর্ঘটনায় আহত হয়ে কিছু দিন হাসপাতালে থাকায় এ কাজ করা হয়নি, তবে সময়মতো তা করে নেব।’মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল পাঁচ টন গম। উপজেলা পরিষদের চেয়ারম্যানের চাচাতো বোনের জামাই বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি কুতুব উদ্দিন এ প্রকল্পের চেয়ারম্যান। তিনি বলেন, ‘এত দিন ঝামেলা থাকায় কাজ শুরু করিনি। খুব শিগগির কাজ করে নেব।’ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদ ভবনের রাস্তা নির্মাণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছিল পাঁচ টন গম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী এ প্রকল্প কমিটির চেয়ারম্যান। কাজ না করা প্রসঙ্গে জানতে চাইলে লিয়াকত আলী বলেন, ‘সড়কে এত দিন পানি ছিল, তাই কাজ করিনি। কয়েক দিনের মধ্যেই কাজ শুরু করব।’উপজেলা চেয়ারম্যানের নিজ ইউনিয়ন চামরদানীতে ১১টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ৩৫ টন গম। এর মধ্যে জলুষা শাহাপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছিল পাঁচ টন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, বরাদ্দের অর্থে বিদ্যালয়ের কোনো কাজ করা হয়নি। এ ছাড়া দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নকাজে পাঁচ টন, দৌলতপুর ক্লিনিক মেরামতে পাঁচ টন, দৌলতপুর গ্রামের স্কুলের রাস্তায় সাঁকো নির্মাণে চার টন, নওয়াগাঁও দুলমন্দির মেরামতে পাঁচ টন, দুগনই গ্রামের মসজিদের সাঁকো নির্মাণ বাবদ পাঁচ টন গম বরাদ্দ দেওয়া হলেও প্রকল্পগুলোর চেয়ারম্যান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা কোনো কাজ করেননি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সরেজমিনে কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। চামরদানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. খোরশেদ আলম বলেন, প্রকল্পের কিছু কাজ নানা কারণে অসমাপ্ত রয়ে গেছে। ধীরে ধীরে তা করে নেওয়া হবে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর আহমেদ বলেন, ‘দুটি দূরবর্তী উপজেলার যাবতীয় প্রকল্পের কাজ আমাকে একাই দেখতে হয়। তাই সব প্রকল্পের কাজ দেখা সম্ভব হয়নি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিঞা বলেন, ‘এখনো যে অনেক প্রকল্পের কাজ শুরু হয়নি, এ বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগও পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়ালের নিজ ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের কাজের গম আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। তা ছাড়া মসজিদ, মন্দির, গোরস্তানের টাকা কেউ মেরে খায় না। কমিটির লোকজন পরে কাজ করবেন মনে করে টাকা জমা রাখলে তাতে দোষের কিছু নেই।’