ধরমপাশায় টিআরের গম আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় টিআরের (টেস্ট রিলিফ) বেশির ভাগ প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া গম আত্মসাতের অভিযোগ উঠেছে। টিআরের গমে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন তো দূরে থাক, অধিকাংশ প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি।তবে প্রকল্প চেয়ারম্যানরা দাবি করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাব খাটিয়ে আর্থিক সুবিধা নেওয়ায় তাঁরা কাজ করতে পারেননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মধ্যনগর থানা আওয়ামী লীগের নেতা আবদুল আউয়াল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রভাব খাটাইনি, কোনো অনিয়মও করিনি। প্রকল্প চেয়ারম্যানরা গম তুলে যদি কাজ না করে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ—টিআর কর্মসূচির আওতায় চলতি ২০১১-১২ অর্থবছরে উপজেলার ১০টি ইউনিয়নে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ১২৭ মেট্রিক টন গম বরাদ্দ মেলে। ৭৫টি প্রকল্পের বিপরীতে চলতি বছরের ৩১ মার্চের মধ্যে এ কাজ সম্পন্ন হওয়ার কথা।সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে দুই টন গম বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ করা গম বিদ্যালয়ের কোনো উন্নয়ন কাজে লাগেনি উল্লেখ করে প্রধান শিক্ষক হুমায়ুন কবীর বলেন, ‘বিদ্যালয়ের নাম ভাঙিয়ে ও আমার স্বাক্ষর জাল করে হয়তো কেউ এ বরাদ্দ আত্মসাৎ করেছে।’একইভাবে দুই টন গম বরাদ্দ দেওয়া হয় পাইকুরাটি ইউনিয়নের গাছতলা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে। এ কাজের প্রকল্প চেয়ারম্যান দেখানো হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিনকে। তিনি বলেন, ‘ওই বরাদ্দ আমরা এখনো পাইনি। কেউ হয়তো বিদ্যালয়ের নাম ব্যবহার করে আর্থিক সুবিধা লুটে নিয়েছে।’জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিজ ইউনিয়ন চামরদানীতে ১১টি প্রকল্পের বিপরীতে ১৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বদরপুর কবরস্থান উন্নয়নে দুই টন, শিধলী কবরস্থান উন্নয়নে দুই টন, নোয়াগাঁও মন্দির মেরামতে দুই টন, চামরদানী স্কুল থেকে মসজিদ পর্যন্ত মাটি ভরাটের জন্য এক টন, কাদিপুর মসজিদ উন্নয়নে এক টন, বিছরাকান্দায় মাটি ভরাটে এক টন গম বরাদ্দ দেওয়া হলেও কোনো প্রকল্পেই কাজ হয়নি। সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে।চামরদানী ইউপির চেয়ারম্যান প্রভাকর তালুকদার ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপির চেয়ারম্যান রাসেল আহমদ অভিযোগ করেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান টিআর কমিটির সভাপতি হওয়ায় নিজের ইচ্ছামতো প্রকল্পের তালিকা তৈরি করেছেন। আমরা শুধু প্রকল্প কমিটিতে স্বাক্ষর করেছি। এ দুই ইউনিয়নে টিআর প্রকল্পের কোনো কাজই হয়নি।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অতিরিক্ত দায়িত্বে থাকা মানিক মিয়া বলেন, ‘কয়েক দিন হলো এ উপজেলার দায়িত্ব পেয়েছি। তাই এ সম্পর্কে না জেনে কিছু বলতে পারব না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলামও এখানে নতুন যোগদান করেছেন। তিনিও এ ব্যাপারে কিছু বলতে পারেননি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।