সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ধারাম হাওরে গতকাল রোববার ট্রলার ডুবে এক বৃদ্ধ মারা গেছেন। এদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে নৌকাডুবির ঘটনায় মাদ্রাসার এক অধ্যক্ষ নিখোঁজ রয়েছেন।
ধরমপাশায় নিহত আবদুস ছাত্তার (৬০) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বেতাগড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ধরমপাশা থানার পুলিশ জানায়, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সদর বাজারের পাথরঘাটা ঘাট থেকে গতকাল সকাল নয়টার দিকে ২০-২৫ জন যাত্রী নিয়ে ওই ট্রলারটি ছাড়ে। ট্রলারে ফল ও সবজি বোঝাই করা হয়। ট্রলারটির গন্তব্য ছিল তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকা। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধারাম হাওরের উত্তর পাশের জয়শ্রী বাজার এলাকায় প্রবল ঢেউ ও ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও আবদুস ছাত্তারকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে দুপুর ১২টার দিকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। তিনি তাবলিগ জামাতে অংশ নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।
ট্রলারের যাত্রী নেত্রকোনার সদর উপজেলার মনকান্দি গ্রামের বাসিন্দা মৌলা মিয়া (৫২) বলেন, ‘ওই হাওরে ট্রলারডা আওয়া মাত্রই ঢেউয়ের ধাক্কা ও বাতাসে উল্টে গিয়া ডুইবা যায়। আমরা সাঁতরাইয়া তীরে উঠছি।’
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর আবদুস ছাত্তারের লাশ ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।
করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের বড় হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ মোহাম্মদ হাফিজ উদ্দিন (৪৫) উপজেলার কান্দাইল দাখিল মাদ্রাসার অধ্যক্ষ। তাঁর বাড়ি উপজেলার ইন্দা গ্রামে।
হাফিজ উদ্দিনের স্বজন মো. বিল্লাল হোসেন বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে পরিবারের আট সদস্যকে নিয়ে হাফিজ উপজেলার বারুক এলাকা থেকে ডিঙি নৌকায় করে নিজ গ্রামে যাচ্ছিলেন। পথে বারুক এলাকার পাশেই বড় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। পরিবারের সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হাফিজ উঠতে পারেননি। ঘটনার ১৬ ঘণ্টা পরও তিনি নিখোঁজ রয়েছেন।