আজ ৮ জুন। ট্রলারডুবিতে একই গ্রামের ১৬ জন নিহত হওয়ার এক বছর। গত বছরের এই দিনে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শৈলচাপড়া হাওরের মধ্যবর্তী স্থানে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন শিক্ষার্থী, শিশু, নারীসহ একই গ্রামের ১৬ জন নিহত হয়।নিহত যাত্রীদের স্মরণে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে শোকসভা, মিলাদ মাহফিল এবং বালিজুড়ী গ্রামবাসীর উদ্যোগে দুপুরে বালিজুড়ী জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘ট্রলারডুবিতে যাদের প্রাণ অকালে ঝরে গেছে, তাদের তো আর ফিরে পাওয়া যাবে না। কোনো অবস্থাতেই আমরা ওই শোক ভুলতে পারছি না। তাই তাদের স্মরণে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিদ্যালয়ের পক্ষ থেকে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।’