ধরমপাশায় ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত পাঁচ শতাধিক শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে উপজেলার পাঁচ শতাধিক শিশু এসব রোগে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ওয়ার্ড না থাকায় শিশুদের বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ছানোয়ার হোসেন খান বলেন, প্রতিদিনই ৪০-৪৫টি শিশুকে হাসপাতালে আনা হচ্ছে। প্রতিদিন ১০-১৫টি শিশুকে ভর্তি করতে হচ্ছে। আবহাওয়া পরিবর্তন ও অভিভাবকদের সচেতনতার অভাবে এসব রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে (নিউমোনিয়া ও শ্বাসকষ্ট) আক্রান্ত পাঁচ শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মনোয়ারুল ইসলাম জানান, ডায়রিয়া থেকে শিশুদের রক্ষা করতে হলে তাদের বিশুদ্ধ পানি পান করতে দিতে হবে এবং খোলা ও বাসি খাবার খেতে দেওয়া যাবে না। আর গরম কাপড় পরালে ও ঠান্ডা না লাগালে শিশুরা নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হবে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত ৭০ ও ডায়রিয়ায় আক্রান্ত ৬০টি শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক শয্যা না থাকায় অনেক শিশুকেই হাসপাতালে রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সাময়িক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
গত শনিবার বেলা পৌনে একটায় সরেজমিনে দেখা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত ১০ ও ডায়রিয়ায় আক্রান্ত নয়টি শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। পৃথক ওয়ার্ড না থাকায় শিশুদের স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডের বারন্দায় ও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি থাকা মাছিমপুর গ্রামের দুই বছরের শিশু ইয়াছিনের মা আল্পনা আক্তার বলেন, ‘আউজগা দুই দিন ধইর্যা এইহানে আছি। হাসপাতালে বাচ্ছারার লাইগ্যা সরহারি ওষুধ না থাহায় বাইরে থাইক্যা বেক (সব) ওষুধ কিইনা আনতে অইতাছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্স জবা খাসনবীস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা না থাকায় ভর্তি থাকা অধিকাংশ ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের নিরুপায় হয়ে বারান্দাতেই চিকিৎসা দিতে হচ্ছে।
মোহাম্মদ মনোয়ারুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী না পাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া সব শিশুকে সরকারি ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না।