সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চন্দ্রসেনার থাল হাওরের শয়তানখালি ফসল রক্ষা বাঁধ ভেঙে গতকাল রোববার ৫০ একর জমির পাকা ধান পানিতে ডুবে গেছে। তবে বাঁধের কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, মাছ শিকারের উদ্দেশ্যে স্থানীয় দুর্বৃত্তরা বাঁধটি কেটে ফেলেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মারাদারিয়া, শয়তানখালি, শেরখাল, আলদীর দাইড় ও ফেরারখেউ হাওরে চলতি বোরো মৌসুমে ৩০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। ওই জমিগুলো উপজেলার সীমানা এলাকায় অবস্থিত হলেও নেত্রকোনার মোহনগঞ্জের কৃষকেরা সেখানে ধান আবাদ করেন। ফসল রক্ষা বাঁধ ভেঙে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত পানি ঢুকে ওই পাঁচটি হাওরের ৫০ একর জমির ধান তলিয়ে গেছে।
মোহনগঞ্জের গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রামের কৃষক ইলিয়াস আহমেদ বলেন, স্থানীয় লোকজন এই বাঁধটি নির্মাণ করেছেন। কয়েক দিন ধরে অতিবৃষ্টির কারণে ধনু নদের পানি বেড়ে যাওয়ায় বাঁধটি ভেঙে গেছে। এতে তাঁর পাঁচ একর জমির ধান তলিয়ে গেছে।
তবে ধরমপাশার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শয়তানখালি ফসল রক্ষা বাঁধ প্রকল্প কমিটির সভাপতি মোকাররম হোসেন বলেন, বাঁধ ভেঙে হাওরে পানি ঢোকেনি। দুর্বৃত্তরা মাছ শিকারের আশায় এই বাঁধের কিছু অংশ কেটে দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বাঁধ ভেঙে ফসলডুবির ঘটনা আমি শুনেছি।’ তবে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, ‘আমি শয়তানখালি বাঁধটি পরিদর্শন করেছি। বাঁধ কাটায় যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান: নেত্রকোনা সংবাদদাতা জানান, গত বুধবার রাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত বৃষ্টিপাতে জেলার খালিয়াজুরির কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার ও বালিয়ার হাওরের প্রায় এক হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ওই দুই হাওরের জমির কৃষকেরা কোমরপানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন। উপজেলার কল্যাণপুর গ্রামের কৃষক জলিল জানান, শ্রমিকদের ধান কাটার জন্য প্রতিদিন ৭৫০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। অথচ এক মণ ধানের দাম ৪৫০ থেকে ৪৮৫ টাকা। এ ছাড়া বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি ফসল রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল কাদির বলেন, ওই দুই হাওরের প্রায় অর্ধেক জমির ধান এখনো কাটা হয়নি। এখন পানি থেকে সব জমির ধান কাটা সম্ভব নয়। এ ছাড়া বৃষ্টির ফলে নদ-নদীর পানি বাড়ায় উপজেলার কীর্তনখোলা, মায়ার চর, পাইয়া, চতিয়া, খড়খড়িয়া, চৌতারা হাওরের ফসল রক্ষা বাঁধগুলো হুমকির মুখে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল হাই প্রথম আলোকে জানান, বৃষ্টির পানিতে বেশ কিছু জমির ধানখেতে কোমর থেকে বুকপানি জমেছে। এতে কৃষকদের ধান কাটতে সমস্যা হচ্ছে।