ধরমপাশায় তলিয়ে গেছে আরও ১২৫ একরের ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শয়তানখালী হাওরে পানি ঢুকে গতকাল শুক্রবার আরও ১২৫ একর জমির বোরো ফসল তলিয়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার ওই হাওরের ১২৫ একর জমির ফসল তলিয়ে যায়।
কৃষকদের সূত্রে জানা গেছে, ধরমপাশার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের শয়তানখালী ফসল রক্ষা বাঁধের দুই পাশে থাকা বাঁশের বেড়ার ফাঁক দিয়ে পানি ঢুকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ২৫০ একর জমির ফসল তলিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, সুনামগঞ্জ পাউবো কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারম্যানের দায়িত্বহীনতার কারণে বাঁধ মেরামতের কাজ সঠিক সময়ে না হওয়ায় প্রতিবছরই এই হাওরে পানি ঢুকে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়। এবারও একই ঘটনা ঘটেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ বলেন, ‘বাঁধের কাজের ধীরগতির বিষয়টি ১৪ ফেব্রুয়ারি উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় আমি উত্থাপন করেছিলাম। কিন্তু এই উপজেলায় ফসল রক্ষা বাঁধের সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারম্যানরা বাঁধ সংস্কারের কাজে যথাযথ পদক্ষেপ নেননি। দ্রুত বাঁধের কাজ সম্পন্ন না হলে এই উপজেলার অধিকাংশ হাওরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর গতকাল বিকেল সাড়ে চারটায় বলেন, ‘আমি এখন হাওরের বাঁধ পরিদর্শনে আছি। নতুন করে আর যাতে ফসলডুবির ঘটনা না ঘটে, সে জন্য এই উপজেলার সব ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে কথা বলার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনের মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেননি। তবে উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, ‘আমরা হাওরের বোরো ফসল রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আশা করছি, নতুন করে আর কোনো ক্ষতি হবে না। কোনো প্রকল্প চেয়ারম্যানের গাফিলতির কারণে হাওরের ফসলহানির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’