ধরমপাশায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নওয়ানগর গ্রামে গত বুধবার রাতে দুই পক্ষের সংঘর্ষে মো. ওয়াসীম মিয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। ওয়াসীম নেত্রকোনার কলমাকান্দা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।এ ছাড়া সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে আক্কাস আলী (৪১) ও সুরুজ আলী (২৫) নামের দুজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহত ওয়াসীমের বাবা মঞ্জিল মিয়া সাতজনকে আসামি করে মধ্যনগর থানায় একটি হত্যা মামলা করেছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নওয়ানগর গ্রামের মঞ্জিল মিয়া ও রজব আলীর মধ্যে নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বুধবার রাত ১০টার দিকে রজব আলী আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে একই গ্রামের কাছামিয়ার উঠানে গিয়ে কারও নাম উল্লেখ না করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় রজব আলীর কাজে মঞ্জিল মিয়া জানতে চান, কাকে গালিগালাজ করা হচ্ছে। তখন দুজনের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দা, রামদা, রড ও লাঠির আঘাতে কমপক্ষে ছয়জন আহত হন। ওয়াসীম মিয়াকে গুরুতর আহত অবস্থায় গতকাল সকালে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বজলে মৌলা বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ পাঠানো হয়েছে। মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।