ধরমপাশায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদেদিঘর জলমহালের রূপেশ্বর নদীর পারে ইজারাদার ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল মঙ্গলবার মামলা করেছে। গত সোমবার ওই সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। মধ্যনগর থানার (এসআই) উপপরিদর্শক মহসিন কবির মামলাটি করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) হায়দার আলী বলেন, মামলায় কতজন ও কাদের আসামি করা হয়েছে, সে সম্পর্কে আপাতত কিছু বলা যাচ্ছে না। এলাকাবাসী জানান, উপজেলার মধ্যনগর ইউনিয়নের বাদেদিঘর জলমহালটিতে কয়েক মাস ধরে স্থানীয় জেলেরা মৎস্য আহরণ করে আসছিলেন। সপ্তাহ দুয়েক আগে মধ্যনগর এলাকার আশেকান মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রহুল আমীন খান জলমহালটির চলতি বছরের ইজারা পরিশোধ করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইজারাদারের লোকজন জলমহালের পারে খলা বাঁধতে যান। এতে বাধা দেন রূপেশ্বর নদীর পারে আরিফপুর, অনন্তপুর, শিবরামপুর ও আলীপুর গ্রামের শতাধিক জেলে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে মধ্যনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি কাঁদানে গ্যাসের শেল ও ১৫টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে মধ্যনগর থানার (এসআই) উপপরিদর্শক সেলিম আহমেদ, এএসআই রতন পাল ও এমদাদুল হক টেঁটাবিদ্ধ হন। এ ছাড়া ইটপাটকেলের আঘাতে আহত হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মৌলা ও কনস্টেবল সোহাগ মিয়া। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের ছোড়া রাবার বুলেটে আক্কেল আলী (৫০), মুখলেছ (৩০) ও হাবিবুর (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঁদের মধ্যে রতন কুমার পালের অবস্থার আরও অবনতি ঘটায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।