ধরমপাশায় দুপক্ষের সংঘর্ষে আহত ২৫
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করা নিয়ে মতবিরোধের জের ধরে সুনামগঞ্জের ধরমপাশার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামে গত শনিবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় কলমীবন্ধু সাহিত্য সংসদ, বৌলাইগঞ্জ বাজার সাহিত্য সংসদ ও ওই বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। তবে সভা শুরুর আগেই অনুষ্ঠানে কে সভাপতিত্ব করবেন, এ নিয়ে দুই সংগঠনের নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে কলমীবন্ধু সাহিত্য সংসদের সাইফুল ইসলাম ও বৌলাইগঞ্জ বাজার সাহিত্য সংসদের জসীম উদ্দিনের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু দুপুরের দিকে উভয় সংগঠনের নেতারা নিজ নিজ বাড়িতে গিয়ে সংগঠনের লোকদের জড়ো করেন। এরপর বেলা তিনটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ বাবুপুর গ্রামের মাঠে সংঘর্ষে লিপ্ত হয়।