ধরমপাশায় দুুই হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ও টিনের ঘর গত ২৭ এপ্রিলের ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই সহস্রাধিক শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। নিরুপায় হয়ে এক সপ্তাহ ধরে কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান চলছে।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, ওই দিন রাতের ঝড়ে এখানকার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১৪টি প্রতিষ্ঠানের দরজা, জানালা ও ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। নবঘোষিত হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুড়িকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুলাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনই কান্দাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বনগাবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘরের টিনের চাল ঝড়ে উড়ে যাওয়াসহ ঘর পুরো বিধ্বস্ত হয়। এ ছাড়া আরও ১৪টি প্রাথমিক বিদ্যালয় আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে ওইসব বিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থীর এক সপ্তাহ ধরে কখনো খোলা আকাশের নিচে, আবার কখনো গাছতলায় পাঠদান চলছে।
নবঘোষিত দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা আক্তার খাতুন জানান, ঝড়ে বিদ্যালয়ের দোচালা টিনের ঘরটি বিধ্বস্ত হয়ে গেছে। এ কারণে তাঁদের নিরুপায় হয়ে কখনো বিদ্যালয়ের মাঠে আবার কখনো গাছতলায় পাঠদান চালাতে হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের খুব ক্ষতি হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদ আলী জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের যাবতীয় তথ্য গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম খান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ খালেদুর রহমান জানান, ঝড়ে এ উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যাবতীয় সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।