ধরমপাশায় নলকূপে পানি উঠছে না দুর্ভোগ
ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দুই সপ্তাহ ধরে সুনামগঞ্জের হাওরবেষ্টিত ধরমপাশা উপজেলার অগভীর নলকূপগুলোতে পানি উঠছে না। ফলে খাওয়ার পানিসহ অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য পানি না পেয়ে এখানকার অধিকাংশ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে ৪৫ হাজার ৪০০ পরিবার রয়েছে। এখানকার তিন লক্ষাধিক মানুষের জন্য এই কার্যালয় থেকে এ পর্যন্ত দুই হাজার ৩১টি নলকূপ দেওয়া হয়েছে। এর মধ্যে অগভীর নলকূপ এক হাজার ৩১১টি। হাওর এলাকার শান্তিপুর গ্রামের গৃহিণী মাহমুদা বেগম (৩৫) বলেন, ‘কলে (নলকূপ) বারবার চাপাচাপি করলেও পানি উঠতাছে না। গত ১৫ দিন ধইরা এই সমস্যায় আমরা ভুগতাছি।’ চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না বলেন, বেশ কয়েক বছর ধরে এ উপজেলাবাসীকে শুষ্ক মৌসুমে প্রায় তিন মাস এ দুর্ভোগ পোহাতে হয়। তিনি জরুরি ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুর রব সরকার প্রথম আলোকে বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় অগভীর নলকূপগুলো দিয়ে পানি না ওঠায় উপজেলার বেশির ভাগ মানুষকে পানির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।