সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বিধি লঙ্ঘন করে দুটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করা সোহেল আহমেদ সহকারী শিক্ষকের পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে গতকাল রোববার পদত্যাগপত্র দেন।
সোহেল প্রায় সাত মাস ইউনিয়ন সমাজকর্মী ও সহকারী শিক্ষকের চাকরি করেছেন। অথচ সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কেউ একই সঙ্গে দুটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না। একটি চাকরি থেকে পদত্যাগ করে আরেকটি চাকরিতে যোগদান করতে হয়। এ প্রসঙ্গে ১৭ সেপ্টেম্বর ‘বিধি লঙ্ঘন করে সরকারি দুই প্রতিষ্ঠানে চাকরি’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোহেল ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৩ সালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী পদে যোগ দেন। দুই সপ্তাহ আগে তিনি ধরমপাশা উপজেলা সমাজসেবা কার্যালয়ে বদলি হন।
এদিকে সোহেল চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ধরমপাশার জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন। তিনি মাত্র এক দিন ওই বিদ্যালয়ে গিয়েছিলেন। এরপর থেকে তিনি ওই বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন। এ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁকে দুবার কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি কোনো জবাব দেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, সহকারী শিক্ষক সোহেল ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা দেখিয়ে পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তাঁর পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।