ধরমপাশায় পুকুর দখলকারী ৭০ জনকে নোটিশ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া সরকারি শতবর্ষী পুকুরটির জায়গা অবৈধভাবে দখলে থাকা ৭০ জন ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খন্দকার স্বাক্ষরিত এই নোটিশ গত সপ্তাহে দখলদারদের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা ভূমি কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ওই শতবর্ষী পুকুরটির আয়তন ১ একর ৯৬ শতক। ২০ থেকে ২৫ বছর ধরে পুকুরটি সংরক্ষণে আর কারও নজর নেই। পুকুরটির কিছু জায়গা ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় লোকজন অবৈধভাবে তা দখল করে নিয়েছেন। সংস্কারের অভাবে এটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।
এ নিয়ে গত ২১ জুলাই প্রথম আলোয় ‘শতবর্ষী পুকুরটি এখন ভাগাড়’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন এটি দখলমুক্ত করার জন্য দখলদারদের কাছে নোটিশ পাঠিয়েছে।
নোটিশ প্রাপক মধ্যনগর বাজারের বাসিন্দা ও ব্যবসায়ী লিটন বণিক বলেন, ‘আমি চার দিন আগে এ-সংক্রান্ত একটি নোটিশ পেয়েছি। ওই পুকুরপাড়েই আমার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পুকুরটির কিছু জায়গা আমি ব্যবহার করছি। আমি তা ছেড়ে দিতে প্রস্তুত আছি।’
উপজেলা ভূমি কার্যালয়ের এমএলএসএস নারায়ণ চন্দ্র সরকার বলেন, ‘আমি ৪ সেপ্টেম্বর থেকে নোটিশ বিতরণ শুরু করে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দিয়েছি।’
উপজেলা সহকারী কমিশনার বলেন, অবৈধভাবে শতবর্ষী ওই পুকুরটির জায়গা দখলে থাকা ব্যক্তিদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেওয়া হবে না, সশরীরে উপস্থিত থেকে তার ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। এর কোনা ব্যত্যয় ঘটলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।