ধরমপাশায় পুলিশের সহায়তায় চলছে মাদক ব্যবসা!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শহরতলী গ্রামে তিন মাস ধরে জমজমাট মাদক ব্যবসা চলছে। স্থানীয় পুলিশের সহায়তায় এ ব্যবসা চলছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।এলাকাবাসীর অভিযোগ, উপজেলার শহরতলী গ্রামের বাসিন্দা মো. শহীদ মিয়া (৪০) তাঁর ভগ্নিপতি পাশের সুনই গ্রামের বাসিন্দা আনু মিয়াকে (৩০) সঙ্গে নিয়ে তিন মাস ধরে এলাকায় গাঁজা, হেরোইন ও ফেনসিডিল বিক্রি করছেন। ফলে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়ছে।পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বলেন, ‘শহীদ মিয়া অবাধে মাদক ব্যবসা করছেন, মাস খানেক আগে বিষয়টি জানতে পেরে পুলিশকে অবহিত করেছিলাম। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।’এলাকাবাসীর অভিযোগ, পুলিশ শহীদ মিয়া ও তাঁর ভগ্নিপতির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে। বছর দুয়েক আগের একটি মাদকের মামলায় শহীদ কিছুদিন জেলহাজতে থাকলেও জামিনে ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করেছেন। মাদকের ব্যবসা অবাধে চলতে থাকায় এলাকায় গরুচুরিসহ ছিঁচকে চোরের উপদ্রবও বেড়ে গেছে।তবে শহীদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ও আমার ভগ্নিপতি কখনোই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না।’ তিনি দাবি করেন, কিছু লোক পরিকল্পিতভাবে তাঁকে মামলায় ফাঁসিয়ে দিয়েছিল। ধরমপাশা থানার ওসি মো. বায়েছ আলম বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার অভিযোগটি সঠিক নয়।’