ধরমপাশায় পোকায় সাফ করছে ১০ গ্রামের রবিশস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ১০টি গ্রামের দুই শতাধিক কৃষকের অন্তত ২০০ একর জমির রবিশস্য সাবাড় করেছে লেদাপোকা। দ্রুত বংশবিস্তারকারী এই পোকা ছড়িয়ে পড়ছে লোকালয়ে। পোকার কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী।উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা, বুড়িপত্তন, নোয়াগাঁও, বাঘের পাড়া, চান্দালীপাড়া, রৌহা, জয়পুর, কাকরহাটি, হামিদপুর ও বংশীকুন্ডা গ্রামের ২০০ হেক্টর জমির রবিশস্যে ওই পোকার আক্রমণ বেশি লক্ষ করা গেছে। এলাকার কৃষকেরা জানান, কয়েক দিন আগে হঠাৎ করে তাঁদের আলু, মরিচ, পেঁয়াজ ও সরিষা খেতে এ পোকার আক্রমণ দেখা দেয়। কালো রঙের ডোরাকাটা এই পোকা সবুজ অংশ খেয়ে গাছকে ন্যাড়া করে দিয়েছে। হামিদপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক সুলেমান মিয়া (৬০) বলেন, ‘খুব কষ্ট কইরা জমিতে ফসল ফলাইছিলাম। অহন পোকা সব খাইয়া শেষ কইরা ফেলতাছে। রাইতে চিন্তায় চউখে ঘুম আয় না। কৃষি বিভাগের অফিসারের পরামর্শে আক্রান্ত জমিতে ওষুধ দিয়েও কোনো কাম অয় নাই।’সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, কালো রঙের একজাতীয় পোকা সন্ধ্যার পর জমিসংলগ্ন বাড়ি ও সড়কে চলে আসে। শিশু থেকে শুরু করে সব বয়সী লোকজনকে কামড়ে দিচ্ছে। লোকজন রাতে ভালো করে ঘুমাতেও পারছে না। এই পোকা নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মলয় ভূষণ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে এই পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক প্রয়োগ করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়। তবে এতে তেমন কাজ হয়নি। বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক কুমার পাল বলেন, তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত রবিশস্য খেত পরিদর্শন করেছেন। পোকা যাতে আর ফসল নষ্ট করতে না পারে, এ জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।’