ধরমপাশায় প্রবেশপত্রের জন্য অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ স্টাডি সেন্টারের বিএ এবং বিএসএস পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে৷ ওই সেন্টারের সমন্বয়কারীর নির্দেশে এ টাকা নেওয়া হচ্ছে। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
কয়েকজন পরীক্ষার্থী ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ স্টাডি সেন্টার সূত্রে জানা গেছে, ওই সেন্টারে ২৭ জুন বাউবির বিএ এবং বিএসএস প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের (প্রথম সেমিস্টার থেকে চতুর্থ সেমিস্টার) এবং ১৮ জুলাই তৃতীয় বর্ষের (পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এতে ৮০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন। গত শুক্রবার থেকে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ শুরু হয়। প্রবেশপত্র নেওয়ার সময় প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে কেন্দ্র খরচ বাবদ স্টাডি সেন্টারের অফিস সহকারী কামরুল ইসলাম ৩০০ টাকা করে আদায় করছেন৷
ওই সেন্টারের সমন্বকারী ও ওই কলেজের শিক্ষক মলয় কান্তি জোয়ারদার দাবি করেন, পরীক্ষাকেন্দ্র চালাতে নানা ধরনের খরচ রয়েছে। এ বাবদ যে টাকা বরাদ্দ রয়েছে, তা খুবই কম এবং তা এখনো পাওয়া যায়নি। প্রবেশপত্র নয়, কেন্দ্র খরচ বাবদ ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে কেউ টাকা কম দিলে এতে কোনোরকম চাপাচাপি করা হচ্ছে না।