সুনামগঞ্জের ধরমপাশায় স্থানীয় আওয়ামী লীগের দুজন নেতা মাছ ধরার উদ্দেশ্যে একটি হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধ ঘিরে থাকা প্রায় পাঁচ হাজার হেক্টর জমির বোরো ধানের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসনে এ ব্যাপারে অভিযোগ করেও তেমন কোনো ফল পাওয়া যায়নি।এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, মাস দেড়েক আগে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের হুলাসখালী ফসল রক্ষা বাঁধের কয়েক জায়গা কেটে দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এরশাদুল ইসলাম ওরফে বুলবুল মিয়ার নেতৃত্বে পাঁচ-ছয়জন লোক মাছ ধরার সুবিধার্থে বাঁধের চারটি জায়গা কেটে নালা তৈরি করেন। বর্তমানে খালে চলছে মাছ শিকার।গত বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের বিভিন্ন স্থানে চারটি খাল কাটা হয়েছে। লোকজন নৌকা দিয়ে খালগুলো পারাপার হচ্ছে। খালগুলোতে পেতে রাখা ভিমজালে আটকা পড়ছে পোনা মাছ পর্যন্ত।মাছ ধরায় ব্যস্ত জেলেরা জানান, আওয়ামী লীগের দুই নেতা তাঁদের এনেছেন। সারা দিন মাছ ধরা শেষে বিক্রির ষোলো আনা টাকা থেকে চার আনা অংশ তাঁদের দেওয়া হয়।স্থানীয় কৃষক মজিবুর রহমান বলেন, বাঁধে খাল কাটায় পানির অভাবে এখানকার কৃষকদের বোরোর চাষ মারাত্মক বিঘ্নিত হবে। এলাকাবাসী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওর কাছে লিখিতভাবে এ ব্যাপারে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।রাজাপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. হারুন মিয়া বলেন, ‘আমিও সরকারি দল করি। কিন্তু আওয়ামী লীগের নেতা নূরুল ইসলাম ও বুলবুল মিয়া যেভাবে বাঁধ কেটে কৃষকদের সর্বনাশ করছেন, তা ঠিক না। বাঁধটি ঘিরে এখানকার কয়েক শ কৃষকের প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়।’নূরুল ইসলাম বলেন, ‘আমি বাঁধ কাটার সঙ্গে জড়িত নই। কে বা কারা খালে মাছ ধরছেন, তা-ও জানি না।’আওয়ামী লীগের অভিযুক্ত নেতা এরশাদুল ইসলাম বলেন, ‘বাঁধে চারটি খাল কেটে জাল পেতে মাছ ধরা হচ্ছে। কিন্তু আমি এর সঙ্গে জড়িত না। তবে বাঁধটি মেরামতের জন্য স্থানীয় জেলেদের কাছ থেকে কিছু টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই টাকা দিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই বাঁধ মেরামত করা হবে।’ইউপি চেয়ারম্যান মো. মোকাররম হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা ফসল রক্ষা বাঁধের কয়েকটি স্থানে খাল কেটে মাছ ধরছে। বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছি।’ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি।’