সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের কাটাখালী ফসল রক্ষা বাঁধ কেটে মাছ ধরছেন জেলেরা। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা আর্থিক সুবিধা নিয়ে তাঁদের বাঁধ কাটতে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, চলতি বছরে ২৮ লাখ টাকা ব্যয়ে পাউবো কাটাখালী বাঁধ নির্মাণ করে। স্থানীয় জেলেরা দুই সপ্তাহ আগে এই বাঁধের বিভিন্ন স্থানে কেটে মাছ ধরছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলে বলেন, বাঁধের প্রতিটি স্থানে কাটার জন্য সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর ও এরশাদুল ইসলাম ওরফে বুলবুল এবং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম রেজা চৌধুরীকে তাঁরা ১০-১৫ হাজার টাকা দিয়েছেন।গত শনিবার সরেজমিন দেখা যায়, বাঁধের সাত-আট জায়গায় কেটে পানি প্রবাহের জন্য নালা তৈরি করা হয়েছে। নালায় জাল পেতে জেলেরা মাছ ধরছেন। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল বলেন, সামান্য অর্থের লোভে তাঁদের দলেরই কয়েকজন নেতা এই কাজ করেছেন। বিষয়টি অত্যন্ত হতাশাজনক। আলমগীর কবীর, এরশাদুল ইসলাম ও সেলিম রেজা চৌধুরী তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু লোক এ ধরনের বদনাম রটাচ্ছে । সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোকাররম হোসেন বলেন, ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হাই প্রথম আলোকে বলেন, ফসল রক্ষার বাঁধ কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে খুব শিগগির আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।