ধরমপাশায় ফেরত গেল কর্মসংস্থান কর্মসূচির টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশায় গত অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির জন্য বরাদ্দের ১৩ লাখ ৫৫ হাজার টাকা ফেরত গেছে। উপজেলার চারটি ইউনিয়নের ১৫টি প্রকল্পের কাজ যথাসময়ে বাস্তবায়িত না হওয়ায় এ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ধরমপাশায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২০১৫-১৬ অর্থবছরের প্রথম পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১ কোটি ৩ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকা দিয়ে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন সড়কে মাটি ফেলার কাজ করা হয়। কিন্তু সেলবরষ, জয়শ্রী ও চামরদানী ইউনিয়নে নেওয়া তিনটি প্রকল্পের কাজ যথাসময়ে সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। ফলে গত বছরের ১০ এপ্রিল ৪ লাখ টাকা ফেরত পাঠানো হয়। একই অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে এ উপজেলার জন্য আরও ১ কোটি ৩ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ আসে। এবার সুখাইড় রাজাপুর দক্ষিণ, জয়শ্রী ও চামরদানী ইউনিয়নের ১১টি প্রকল্পের কাজ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়নি। ফলে ৯ লাখ ৫৫ হাজার টাকা গত ৩০ জুন ফেরত পাঠানো হয়।
ধরমপাশা উপজেলা পিআইওর অতিরিক্ত দায়িত্বে থাকা সুনামগঞ্জ সদরের পিআইও মো. মানিক মিয়া প্রথম আলোকে বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার তাগিদ দেওয়া হয়। এরপরও যথাসময়ে তা করা হয়নি। তা ছাড়া বর্ষার পানি চলে আসায় প্রকল্পের কাজ করা যাচ্ছে না। এসব কারণে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।