ধরমপাশায় বখাটেদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই ছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটেদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বি.পি হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গতকাল সোমবার দুপুরে এলাকাবাসী, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশে বক্তারা বখাটেদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সঞ্চারকলিপি দেন। এলাকাবাসী, থানায় লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর বাজারটি শনিবার সাপ্তাহিক হাটবার হওয়ায় ওই দিনের পরিবর্তে কলেজটিতে শুক্রবার ক্লাস হয়। গত শুক্রবার কলেজ ছুটি শেষে ওই দুই ছাত্রী বাড়ি ফেরার পথে মধ্যনগর-মহিষখলা সড়কের কাইটকান্দা স্থানে পৌঁছালে উপজেলার মধ্যনগর গ্রামের মিহির তালুকদার ওরফে মিশন (২২) ও বলরামপুর গ্রামের তৌফিক খন্দকার নামের দুই যুবক মোটরসাইকেলে সেখানে গিয়ে তাদের পথ রোধ করে এবং উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে তাঁদের ওড়না ও জামা ধরে টানহ্যাঁচড়া শুরু করে। এ সময় ওই দুই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা দ্রুত চলে যায়।ঘটনাটি ওই দিন রাতে ওই দুই ছাত্রীর একজন তার বাবাকে জানালে তিনি গত শনিবার থানায় মামলা করেন। গতকাল সোমবার দুপুরে ওই কলেজ প্রাঙ্গণে বখাটেদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ব্যবস্থাপনা পর্ষদের সদস্য আবদুস শহীদ আজাদ, সবুজ মিয়া, চামরদানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী প্রমুখ। অধ্যক্ষ বিজন কুমার তালুকদার বলেন, ৭২ ঘণ্টার মধ্যে বখাটে দুই যুবককে গ্রেপ্তার করা না হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তৌফিকের বাবা আবদুল বারী খন্দকার বলেন, ‘আমার ছেলেকে ষড়যন্ত্র করে এ মামলায় ফাঁসানো হয়েছে।’