ধরমপাশায় বাঁধ ভেঙে আরও ১৫ হাওরের জমির ফসল তলিয়ে গেছে
সুনামগঞ্জের ধরমপাশায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুটি বেড়িবাঁধ ভেঙে গতকাল রোববার আরও ১৫টি হাওরের প্রায় ২০ হাজার একর জমির বোরো ফসল তলিয়ে গেছে। এর আগে শুক্রবার রাতে একই জেলার জগন্নাথপুরে দুটি বেড়িবাঁধ ভেঙে প্রায় ১৫ হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে যায়।স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল দুপুরে মধ্যনগর ইউনিয়নের আখড়ার বাঁধ ভেঙে বোয়ালী, ছোট গোড়াডোবা, মেঘনামুইডুবি ও রূপেশ্বর হাওর তলিয়ে যায়। বিকেলে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের কল্যাণপুর বাঁধ ভেঙে বাইড়বন, নাড়িয়া, বড়বিল, বড় হুগলী, ছোট হুগলী, কুড়িয়া, লাউয়া, আসরা, খাটাখালী, চন্দ্রসোনার থাল ও ছাতল হাওর তলিয়ে যায়। কৃষকরা জানিয়েছেন, এসব হাওরের প্রায় ২০ হাজার একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, পুলিশ সুপার গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিঞা ঝুঁকিপূর্ণ বাঁধগুলো পরিদর্শন করেছেন। মধ্যনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলু মিয়া বলেন, তাঁর ইউনিয়নের সব কটি হাওরের ফসল তলিয়ে গেছে। ধরমপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিঞা বলেন, উপজেলার সব কটি বাঁধই ঝুঁকিপূর্ণ। স্থানীয় জনগণকে নিয়ে তারা টিকে থাকা বাঁধগুলো রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।