ধরমপাশায় বাঁধ ভেঙে ১৫০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মাহমুদ নগর গ্রামের খানিকটা পশ্চিমে কাটাখালী নামক ফসল রক্ষা বাঁধের দক্ষিণের একটি অংশ গতকাল সোমবার দুপুরে ভেঙে গিয়ে হাওরে পানি ঢুকে পড়ছে।এতে করে এখানকার তিনটি হাওরের প্রায় ১৫০ হেক্টর জমির আধা পাকা ধান পানিতে তলিয়ে গেছে। হাওরের ধান কাটা শেষ হওয়ার আগেই বাঁধ ভেঙে যাওয়ায় এখানকার কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল থেকে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মাহমুদ নগর গ্রামের পশ্চিমে কাটাখালী ফসল রক্ষা বাঁধের দক্ষিণের অংশে কিছু কিছু স্থানে ছিদ্র দেখা দিলে তা দিয়ে ধীরে ধীরে পানি প্রবাহিত হয়।স্থানীয় লোকজন বাঁধটি ঠেকাতে দিন-রাত কাজ করলেও গতকাল সোমবার দুপুরে পাহাড়ি ঢলের ধাক্কায় ও পানির তোড়ে এ বাঁধটি ভেঙে যায়। এ বাঁধটি ভেঙে যাওয়ায় এখানকার চাতল, ঘনিয়ার বিল, আচর বিলের ১৫০ হেক্টর জমির আধা পাকা ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকদের অভিযোগ, পিআইসি বলেন আর ঠিকাদার বলেন ওরা অপেক্ষা করে পাহাড়ি ঢলের পানি কবে আসবে, তা যখন পানি চলে আসে তখন তাড়াহুড়ো করে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে। শুধু এ বাঁধই নয়, অধিকাংশ ফসল রক্ষা বাঁধের ঠিকমতো কাজ করা হয়নি। কাজের নামে সরকারি লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে। তাই সামান্য পানির ধাক্কায় টিকতে না পেরে এ বাঁধটিও ভেঙে গেছে।উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাঁধ ভেঙে ১৫০ হেক্টর জমির আধা পাকা ধান তলিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বীপক কুমার পাল বলেন, এ বাঁধটি ভেঙে যাওয়ার ফলে এখানকার আরও কয়েকটি হাওরের বোরো ফসল এখন ঝুঁকির মধ্যে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট পিআইসি ও ইউপি চেয়ারম্যানেরা কে ফসল রক্ষা বাঁধ তদারকির কাজে নিয়োজিত থাকার জন্য বলা হয়েছে। আমি সার্বক্ষণিক এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবেই সম্পন্ন করা হয়েছে। কোনো অনিয়ম করা হয়নি।