ধরমপাশায় বাঁধের কাজ শেষ হয়নি, কৃষকেরা শঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দফায় দফায় সময় বাড়ানো হলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লোকজন বাঁধের কাজ শেষ না করেই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সহায়তায় বাঁধের জন্য বরাদ্দ আসা পুরো টাকা উত্তোলন করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাঁধে পিআইসির কোনো লোকজন নেই। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানির ধাক্কায় বাঁধ ভেঙে গিয়ে ফসল পানিতে তলিয়ে যেতে পারে—এ আশঙ্কায় কৃষকেরা সোনালি ফসল ঘরে তোলার স্বপ্ন নিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ করে যাচ্ছেন। অথচ গত ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে ১৫ মার্চ এবং পরে সর্বশেষ ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়।জানা গেছে, সুনামগঞ্জের সবচেয়ে বেশি হাওর ধরমপাশা উপজেলায়। গত বছর বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের কারণে এখানকার ৭৮টি হাওরের মধ্যে ৭৪টি হাওরের ফসল অকালবন্যায় তলিয়ে যায়। এ বছর ঠিকাদারি পদ্ধতি বাতিল করে স্থানীয় জনগণকে নিয়ে কমিটি গঠনের (পিআইসি) মাধ্যমে কাজ ভালো হবে বলে আশা করেছিলেন কৃষকেরা। কিন্তু ঠিকাদারি ও পিআইসির পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য দেখতে পায়নি লোকজন। পাউবো ধরমপাশায় এ পর্যন্ত বাঁধের কাজ ৯০ থেকে ৯৫ শতাংশ হয়েছে বলে দাবি করলেও স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, গড়ে ৭০ থেকে ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে।পাউবো সূত্রে জানা যায়, চন্দ্রসোনার থাল, গুরমা, সোনামড়ল, জয়ধনা, কাইলানী, ধানকুনিয়া, ছোট গোড়াডোবা, বড় গোরাডোবা—এই আটটি হাওরে ৩৪টি প্রকল্পের মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পাউবো। এতে বরাদ্দ রয়েছে প্রায় কোটি টাকা।উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্রসোনার থাল হাওরের আয়তন ৫৬ বর্গকিলোমিটার। হাওরের বিভিন্ন স্থানে রয়েছে নয়টি প্রকল্প। গত বুধ ও বৃহস্পতিবার সরেজমিনে হুলাশখালী, কাটাখালী, ডুবাইল ও চামরদানী ইউনিয়নে গুরমার উত্তর অংশ বাঁধে গিয়ে পিআইসি ও পাউবোর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। এ বাঁধগুলোতে স্থানীয় কয়েকজন স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ করছেন। ঘুলুয়া, হুলাশখালী ও আবিদনগর গ্রামের কৃষক মজিবুর রহমান, সাজিব আলী, ইজ্জত আলী, কাদির মিয়া, হোসেন আহমদ বলেন, ‘বান্ধে পিআইসির লোকজন না থাহায় গত তিন-চার দিন ধইর্যা খেতের ফসল বাঁচাইবার লাইগ্যা নিজেরাই কাম করতাছি। এই আওরের কোনো বান্ধই ঠিকমতো কাম অয় নাই।’এ ব্যাপারে বাঁধের কাজে দায়িত্বে থাকা পিআইসির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।চন্দ্রসোনার থাল হাওরের বাঁধের তদারকির কাজে দায়িত্বে থাকা সুনামগঞ্জের পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, এ হাওরে বাঁধের ৮০ থেকে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। কিছু কাজ বাকি রয়েছে। যারা কাজ শেষ করবে না, তাদের টাকা দেওয়া হবে না।গুরমার বাঁধের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী খন্দকার মোশারফ হোসেন বলেন, বাঁধের ভাঙা বন্ধকরণ কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হলেও পিআইসিকে এখন পর্যন্ত পুরো টাকা দেওয়া হয়নি। তা ছাড়া সরস্বতীপুর থেকে নামার ভাঙা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার বাঁধ অধিকতর নিচু (আফড়) বিধায় তাতে সংস্কারকাজ না হলে অকালবন্যায় হাওরে পানি ঢুকে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এর জন্য বরাদ্দ চেয়েও পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক কুমার পাল বলেন, ‘আমি সরেজমিনে বেশ কয়েকটি বাঁধ পরিদর্শন করেছি। ফসল রক্ষা বাঁধের কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়ায় হাওরের ফসল ঝুঁকির মুখে রয়েছে। বাঁধগুলোতে মোটামুটি কাজ করা হলেও আফড়ে (বাঁধের নিম্নাংশ) কোনো কাজ হয়নি। বর্তমানে পানি কিছুটা কমতে শুরু করেছে। তাই আপাতত কোনো ভয় নেই। তার পরও বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে গেলে যেকোনো সময় আফড় দিয়ে পানি ঢুকে হাওরের ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা এখনো পুরো শঙ্কামুক্ত হতে পারছি না।’ সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল দাবি করেন, অধিকাংশ বাঁধের কাজ শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় পর্বের সামান্য কিছু কাজ বাকি, যা কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে।