ধরমপাশায় বাদ পড়ল অর্ধশতাধিক পরিবার
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুটি গ্রামের হতদরিদ্র ব্যক্তিরা ১০ টাকা কেজি দরে চাল কিনতে পারছেন না। কম দামে তাঁদের চাল দেওয়ার যে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়েছে সরকার, এই সুবিধাভোগী ব্যক্তিদের তালিকায় তাঁদের অন্তর্ভুক্ত করা হয়নি।
এ বিষয়ে গত রোববার বিকেলে ওই ওয়ার্ডের চকিয়াচাপুর ও বালিজুড়ী গ্রামের অর্ধশতাধিক লোক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা প্রশাসন, ওয়ার্ডবাসীর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চলতি বছরের ১৬ সেপ্টেম্বর থেকে উপজেলার ১০টি ইউনিয়নের ৮ হাজার ৯২ জন হতদরিদ্র ব্যক্তির মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলার পাইকুরাটি ইউনিয়নে নয়টি ওয়ার্ড রয়েছে। তবে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শতাধিক দরিদ্র পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হয়নি।
পাইকুরাটি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. রুবেল কবীর বলেন, ‘আমাদের ওয়ার্ড থেকে চকিয়াচাপুর ও বালিজুড়ী গ্রামের ৮৪ জনের তালিকা ইউপি সচিবের কাছে জমা দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি তালিকায় একজনেরও নাম নেই।’
ইউপি সচিব শামীম আহমেদ বলেন, ‘ওই তালিকা আমরা উপজেলা কমিটিতে জমা দিয়েছি। কী কারণে ওই ওয়ার্ডটি তালিকা থেকে বাদ পড়েছে, তা জানা নেই।’ ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব বলেন, ‘এমনটি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘শিগগিরই ওই ব্যক্তিদের কর্মসূচির আওতায় আনা হবে।’