ধরমপাশায় বিল সেচে চলছে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বিল সেচে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। পানি সেচায় বিলে মাছের বংশ ধ্বংস হওয়ার পাশাপাশি বোরো জমিতে সেচকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিলুন্দিঘা বিল শুকিয়ে মাছ ধরার জন্য দুটি শ্যালো ইঞ্জিন বসানো রয়েছে। বিলের প্রায় এক একর অংশ সেচে সেখানে পাঁচ-ছয়জন লোক মাছ ধরছেন।
মাছশিকারি শেখেরগাঁও গ্রামের উজ্জ্বল মিয়া ও রুবেল মিয়া বলেন, ‘বিল সেচে মাছ ধরা বৈধ না অবৈধ, তা আমরা জানি না। বিলের মালিক হারুন মিয়ার নির্দেশেই আমরা মাছ ধরছি।’
শেখেরগাঁও গ্রামের বাসিন্দা আবদুল মুকিত বলেন, ২০ ফেব্রুয়ারি থেকে বিল সেচে মাছ ধরা হচ্ছে। এভাবে চলতে থাকলে মাছের বংশবিস্তার বন্ধ হবে। পাশাপাশি এই বিলসংলগ্ন সোনামড়ল হাওরের কয়েক শ একর বোরো জমিতে সেচকাজ বিঘ্নিত হবে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, বিল সেচে মাছ শিকার সম্পূর্ণ বেআইনি। এটি বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘আমি সম্প্রতি সরেজমিনে বিল সেচে মাছ ধরার প্রমাণ পেয়েছি। এ ব্যাপারে দু-এক দিনের মধ্যে ইউএনওর কাছে প্রতিবেদন দেব।’
জয়শ্রী ইউনিয়ন ভূমি কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, ১০২ একর ৪৩ শতক আয়তনের এই বিলটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। গত বছরের মে মাসের দিকে তিন বছর মেয়াদে জয়শ্রী ইউনিয়নের শেখেরগাঁও-বাঘাউছা মৎস্যজীবী সমবায় সমিতির নামে এটি ইজারা দেওয়া হয়েছে। বার্ষিক দুই লাখ ৮০ হাজার টাকায় এটি ইজারা দেওয়া হয়। ২০ ফেব্রুয়ারি সকাল থেকে এই বিলের পূর্ব পাশে দুটি শ্যালো ইঞ্জিন বসিয়ে সেচা হচ্ছে।
শেখেরগাঁও-বাঘাউছা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও বিলে নিয়োজিত প্রতিনিধি হারুন মিয়া দাবি করেন, সমিতির সদস্যদের সিদ্ধান্ত নিয়েই এভাবে মাছ ধরা হচ্ছে। বিল সেচে মাছ শিকার আইনসম্মত নয়—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এভাবে মাছ ধরা যদি অবৈধ হয়, তাহলে এর জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে জবাব দেব, আপনাকে নয়।’