ধরমপাশায় বয়স্কভাতা পাচ্ছেন না ৭৫ বছরের ফুলবানু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশ স্বাধীন অইবার তিন-চাইর বছরের মাথায় সোয়ামিডা (আবদুর রহমান) আমারে রাইকা মইরা গেছে। তিনডা পোলা ও এক মাইয়া থাইয়াও নাই। মাইয়াডার বিয়া দিয়া দিছি। মেলা দিন ধইরা ছেলেরা বউ-পোলাপান লইয়া গেরাম ছাইড়া চইল্যা গেছে। হেরা কেউ আমার খবর লয় না। বয়স্কভাতা পাইবার লাইগ্যা মেম্বারের হাতে-পায়ে ধইরা কতবার কইছি, কোনো কাম অয় নাই। মরার আগে কি আমি বয়স্কভাতা পাইমু না?’গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের সড়ক লাগোয়া একটি চায়ের দোকানে ভিক্ষা করতে এলে আলাপচারিতার একপর্যায়ে ভাঙা গলায় কেঁপে কেঁপে কথাগুলো বলছিলেন ধরমপাশা সদর ইউনিয়নের মহদীপুর গ্রামের ফুলবানু বিবি (৭৫)। ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জীবনকান্তি তালুকদার বলেন, ‘আমি কিছুদিন হলো বিষয়টি জেনেছি। এ-সংক্রান্ত কোনো সুযোগ এলেই ফুলবানু বিবিকে বয়স্কভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ শহীদুল ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’