সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের ভিজিডি কার্ডধারী ১২০ জন গতকাল রোববার চাল পাননি। ভিজিডির তালিকায় নাম অন্তর্ভুক্ত করা নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, ধরমপাশা সদর ইউনিয়নে ভিজিডির আওতায় ২১০ জন কার্ডধারীর মধ্যে বিতরণের জন্য গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ১০ টন ২৪৪ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। গতকাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ শুরু হয়। কিন্তু তালিকায় নাম অন্তর্ভুক্ত করা নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে বিরোধের জেরে ছয়জন ইউপি সদস্য চলে যান। এই পরিস্থিতিতে ছয়টি ওয়ার্ডের ১২০ জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করা হয়নি।ধরমপাশা সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এখলাছ মজুমদার বলেন, ‘চেয়ারম্যান সাহেব অনিয়ম করে তাঁর নিজ ওয়ার্ডের লোকজনকে বেশি তালিকাভুক্ত করেছেন। এতে আমাদের ছয়টি ওয়ার্ডের প্রকৃত দুস্থ ও অসহায় মানুষ বঞ্চিত হয়েছে। সঠিক তালিকা প্রণয়ন না করা পর্যন্ত আমরা ছয়জন ইউপি সদস্য চাল বিতরণ না করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হয়েছে।’তদারকের দায়িত্বে থাকা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, তালিকায় নাম অন্তর্ভুক্ত করা নিয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে ছয়টি ওয়ার্ডের ভিজিডি কার্ডধারী ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করা যায়নি।অনিয়মের অভিযোগ অস্বীকার করে ধরমপাশা সদর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, তালিকায় নাম অন্তর্ভুক্ত করা নিয়ে কয়েকজন সদস্যের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি এখন মিটমাট হয়ে গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, অনিয়মের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।