ধরমপাশায় ভিজিডির চাল বিতরণে অনিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে ভিজিডির কার্ডধারীদের মধ্যে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের শরীয়তপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কার্ডধারীদের মধ্যে চাল বিতরণের প্রস্তুতিকালে চাল কম দেওয়া হবে খবর পেয়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অর্ধশতাধিক কার্ডধারী ব্যক্তি বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ১০৫ জন ভিজিডি কার্ডধারী রয়েছেন। কার্ডধারীদের বিপরীতে গত ফেব্রুয়ারি ও মার্চ এই দুই মাসে প্রত্যেক কার্ডধারীর মধ্যে জনপ্রতি ৬০ কেজি করে চাল বিতরণের জন্য ছয় টন ৩০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। এ কার্যালয় থেকে নির্ধারিত সময়ে ডিও ছাড় দেওয়া হয়। ধরমপাশা খাদ্য গুদাম থেকে চেয়ারম্যান গত রোববার এ চাল উত্তোলন করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ভিজিডির কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হবে বলে কার্ডধারীদের শরীয়তপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসতে বলা হয়। তাঁরা সকাল সাড়ে ১০টায় সেখানে সমবেত হলে ইউপি চেয়ারম্যান দুই মাসের চাল বাবদ প্রত্যেক কার্ডধারীকে ৪০ কেজি করে চাল দেবেন বলে জানান। কার্ডধারীরা এতে অসম্মতি জানিয়ে ওই স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে গেলে অবস্থা বেগতিক দেখে ইউপি চেয়ারম্যান ৬০ কেজির স্থলে ৫০ কেজি করে কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করবেন বলে জানালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কার্ডধারীদের অভিযোগ, ‘প্রতি মাসে আমাদের মধ্যে এ চাল বিতরণ করার কথা থাকলেও তা করা হয় না।’ ওই ইউনিয়নের তদারকী কর্মকর্তা ও উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা কার্ডধারীদের বিক্ষোভের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কার্ডধারীদের মধ্যে চাল কম দেওয়ার বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারও সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি। উপজেলা সদর গুদাম থেকে আমার ইউনিয়নে ভিজিডির চাল আনতে পরিবহন বাবদ অনেক টাকা খরচ হয়ে যায়। তাই নিরুপায় হয়ে ৬০ কেজির স্থলে প্রত্যেক কার্ডধারীর মধ্যে ৫০ কেজি করে চাল বিতরণ করতে হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম বলেন, ‘এ সংক্রান্ত কোনো অভিযোগ আমি পাইনি।’