ধরমপাশায় মাধ্যমিক বিদ্যালয় নেই
‘আমার স্বপ্ন আছিল মাইয়াডারে লেহাপড়া করাইয়া মাইনষের মতো মানুষ করাম। কিন্তু আমরার কফাল খারাপ, ইচ্ছা থাহনের হরেও আমরার ইউনিয়নে হাইস্কুল না থাহনে মাইয়াডারে আর হড়াইতাম হারলাম না। কহন যে এই ইউনিয়নে একটা হাইস্কুল অইবো, তা ওপরওয়ালাই জানেন?’সরেজমিনে গত রোববার দুপুরে উপজেলার রাজাপুর বাজারে গেলে আলাপচারিতার একপর্যায়ে হতাশা ও আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের হাওর এলাকার রাজাপুর গ্রামের দরিদ্র কৃষক মো.আবদুল বারেক।স্থানীয় এলাকাবাসী জানান, এ উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে ২৪টি গ্রাম রয়েছে। এই এলাকায় চারটি সরকারি ও চারটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। স্থানীয় জনগণের আর্থিক সহায়তায় এ ইউনিয়নের রাজাপুর গ্রামে ১৯৮৮ সালে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পরে ২০০৪ সালে ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের ঘরটি ভেঙে যাওয়াসহ নানা সমস্যার কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ ইউনিয়নের আশপাশে ১০-১৫ কিলোমিটারের মধ্যে কোনো মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান নেই।ধরমপাশা ডিগ্রি কলেজের প্রভাষক ও ওই ইউনিয়নের তাহিরপুর গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্র সরকার বলেন, এটি হাওর এলাকা। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র। একটি মাধ্যমিক বিদ্যালয় না থাকায় দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকাররম হোসেন বলেন, ‘শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া এ ইউনিয়নটিকে শিক্ষায় অগ্রসর করতে এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য খুব শিগগির এলাকাবাসীকে নিয়ে সভা করে এর যাত্রা শুরু করব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ শহিদুল ইসলাম বলেন, ‘অনুন্নত যোগাযোগ ও হাওরবেষ্টিত ওই ইউনিয়নে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা একান্ত প্রয়োজন। এলাকাবাসী এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিলে এতে সরকারি সহায়তা দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেব।’স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঝরেপড়া শিক্ষার্থী রোধ কল্পে এবং ওই ইউনিয়নবাসীর স্বপ্নপূরণে খুব শিগগির মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে ব্যবস্থা নেওয়া হবে।