সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের ১৬ জনের প্রাণহানির ছয় বছর পূর্ণ হয়েছে গতকাল বুধবার ৮ জুন। ২০১০ সালের ওই দিন উপজেলার শৈলচাপড়া হাওরে ট্রলারডুবিতে স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন শিক্ষার্থী, নারী ও শিশুসহ একই গ্রামের ১৬ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল ও পাঁচজন বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকাল বাদ জোহর বাদশাগঞ্জ পূর্ব বাজার ও বাদশাগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। এ ছাড়া বালিজুড়ী গ্রামবাসীর পক্ষ থেকে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বালিজুড়ী পূর্ব পাড়া জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ, দোয়া মাহফিল ও ইফতার বিতরণের আয়োজন করা হয়।
বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ট্রলারডুবিতে যেসব শিক্ষার্থী আমাদের ছেড়ে চলে গেছে, তারা আমাদের সন্তানের মতো। তাদের কখনো আমরা ভুলতে পারব না, কখনো ভুলব না।