ধরমপাশায় যান্ত্রিক ত্রুটির কারণে ৪১টি টেলিফোন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ের অধীন সব কটি টেলিফোন ১১ দিন ধরে বিকল রয়েছে। এতে গ্রাহকেরা দুর্ভোগ পোহাচ্ছেন।

ধরমপাশা টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ধরমপাশা উপজেলার টেলিফোন এক্সচেঞ্জের অধীন সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি পর্যায়ে ৪১টি টেলিফোন রয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ফ্যাক্স রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ উপজেলায় টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ ১৫ জানুয়ারি থেকে বন্ধ।

ধরমপাশা গ্রামের বাসিন্দা টেলিফোন গ্রাহক কাজী মাজহারুল হক বলেন, নানা অজুহাতে প্রায় সময়ই টেলিফোন বিকল হয়ে থাকে। এতে খুবই সমস্যায় পড়েতে হয়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন।

বিটিসিএল ধরমপাশা টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ের লাইনম্যান আনোয়ার হোসেন বলেন, ধরমপাশা-জামালগঞ্জ রেডিও লিংকের নেটওয়ার্ক খারাপ থাকায় এ উপজেলার টেলিফোনগুলো বিকল রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিটিসিএল সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী বিভাগীয় প্রকৌশলী মৃণাল কান্তি দাস গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর বলেন, ‘এ সমস্যা সমাধানে আমি স্থানীয় কার্যালয়ে একাধিকবার কথা বলেছি। কিন্তু এখনো সমস্যার সমাধান হচ্ছে না। ফলে ফ্যাক্স ও টেলিফোনে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।’