হাওরের ফসল রক্ষা বাঁধ ও সড়ক কেটে সরকারি সম্পদ বিনষ্ট করার অভিযোগে দায়ের করা মামলার পলাতক দুই আসামিকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার রাজাপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ধরমপাশা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের ফসল রক্ষা বাঁধ ও ঘুলুয়া-রাজাপুর সড়কের বেশ কিছু অংশ কেটে মাছ শিকার করায় সরকারি সম্পদ বিনষ্ট করার অভিযোগে ২০১৪ সালের ১৪ মে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অপু, সদস্য আবুল খায়েরসহ ৫৪ জনকে আসামি করে ধরমপাশা থানায় একটি মামলা হয়। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন। এই মামলায় দীর্ঘদিন ধরে তাঁরা পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোমবার রাত দুইটার দিকে নিজ নিজ বসতঘর থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ ও সড়ক কেটে সরকারি সম্পদ বিনষ্ট করার অভিযোগে হওয়া মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি অপু ও আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাঁদের ধরমপাশার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। পরে আদালতের হাকিম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।